লেটেস্ট নিউজ

যুদ্ধ থামাতে ইরানের তিন শর্ত মধ্যপ্রাচ্যে কি এবার শান্তির ইঙ্গিত – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে টানা ১৩ দিনে পা দিল ইরান, আমেরিকা ও ইজরায়েলের সংঘাত। চরম উত্তেজনার আবহে এবার যুদ্ধ বন্ধ করতে তিনটি বিশেষ শর্তের কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সোশ্যাল মিডিয়ায় এই শর্তগুলি প্রকাশ্যে আনেন তিনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে দেশের ন্যায্য অধিকার মেনে নিতে হবে, সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সেই নিশ্চয়তা দিতে হবে।

অন্যদিকে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, তাঁর দেশ কোনো ‘অন্তহীন যুদ্ধ’ চায় না এবং সংঘাত মেটাতে আমেরিকার সঙ্গে সমন্বয় রেখে চলবে। তবে অস্তিত্বের সঙ্কট ঘুচিয়ে জয়ের লক্ষ্যেই তারা অবিচল। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই লড়াই প্রায় শেষের পথে। যদিও ইরানের সামরিক বাহিনী আইআরজিসি পালটা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত এখন তাদের হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ার বাহরাইন, দুবাই, সৌদি আরব, কাতার ও কুয়েতের মার্কিন ঘাঁটিগুলিতে একের পর এক ইরানি মিসাইল আছড়ে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং কয়েক বিলিয়ন ডলার মূল্যের রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় এবং বিভিন্ন দেশের তেলের ডিপোতে হামলার জেরে বিশ্ব অর্থনীতিতেও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুবাই বিমানবন্দর ও বন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিও ইরানের ড্রোন ও মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *