লেটেস্ট নিউজ

যুদ্ধকালীন পরিস্থিতিতে সংকটে মিড ডে মিলের গ্যাস সিলিন্ডার হাহাকার মেটাতে নবান্নে আর্জি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এবার টান পড়ল বাংলার স্কুলের মিড ডে মিলের হেঁশেলেও। রাজ্যের বিভিন্ন জেলায় মিড ডে মিল রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মিড ডে মিলের স্বাভাবিক পরিষেবা সচল রাখা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছে হুগলি জেলা। সংকট মোকাবিলায় ইতিমধ্যেই হুগলি জেলার মিড ডে মিলের অফিসার ইনচার্জ সরাসরি রাজ্য প্রকল্প অধিকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। সেই চিঠিতে মিড ডে মিলের জন্য রান্নার গ্যাসের মসৃণ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানানো হয়েছে। রাজ্য প্রকল্প দপ্তর সূত্রে ওই চিঠির প্রাপ্তিস্বীকার করা হলেও, সমস্যা সমাধানে নির্দিষ্ট কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

মিড ডে মিলে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, যেখানে বর্তমানে জোগানের অভাব দেখা দিচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে এখনও রান্নার গ্যাসের তেমন কোনো বড়সড় সংকটের খবর মেলেনি। অঙ্গনওয়াড়িতে সাধারণত ঘরোয়া সিলিন্ডার ব্যবহার করা হয় না, তবে উদ্ভূত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *