লেটেস্ট নিউজ

যুদ্ধের মাঝেই ভারত আনছে এলপিজি, পারস্য উপসাগরে ভারতীয় নৌসেনার মেগা অপারেশন – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান-আমেরিকা সংঘাতের উত্তপ্ত আবহে ভারতের ‘অপারেশন এনার্জি সিকিউরিটি’ শুরু হয়েছে। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় এলপিজি ও জ্বালানি তেলের কার্গো জাহাজগুলোকে সুরক্ষিতভাবে দেশে ফেরাতে আসরে নেমেছে ভারতীয় নৌবাহিনী।

মাঝসমুদ্রে ভারতীয় নৌসেনার রণকৌশল

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ৫টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌসেনা। ওমান উপসাগরে থাকা ভারতীয় ডেস্ট্রয়ার ও ফ্রিগেটগুলো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে কার্গো জাহাজগুলোকে পাহারা দিয়ে আরব সাগরে নিয়ে আসছে।

সফল উদ্ধার অভিযান

নৌসেনার এই তৎপরতায় ইতিমধ্যেই ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’ নামক দুটি বিশাল জাহাজ প্রায় ৯২ হাজার টন এলপিজি নিয়ে নিরাপদে ভারতে পৌঁছেছে। পারস্য উপসাগর থেকে বেরোনোর প্রতিটি পয়েন্টে ভারতীয় নৌবাহিনী কড়া নজরদারি চালাচ্ছে যাতে জ্বালানি সংকটে পড়তে না হয়।

পিএনজি না নিলে বন্ধ হবে এলপিজি সিলিন্ডার

এদিকে অভ্যন্তরীণ ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। যেসব এলাকায় পাইপের মাধ্যমে রান্নার গ্যাস (PNG) পৌঁছে গিয়েছে, সেখানে গ্রাহকদের ৩ মাসের মধ্যে সংযোগ নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পিএনজি গ্রহণ না করলে সেই গ্রাহকদের এলপিজি সিলিন্ডার সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এক জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং গ্যাস নেটওয়ার্কের প্রসারে এই কড়া পদক্ষেপ নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *