লেটেস্ট নিউজ

যুবসাথী প্রকল্প: জমা পড়ল ৮৪ লক্ষ আবেদন, ভোট আবহে অনিশ্চিত প্রথম কিস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অফলাইন ও অনলাইন মিলিয়ে এ পর্যন্ত মোট ৮৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১ এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরুর ঘোষণা করেছিলেন। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা থাকায় তৈরি হয়েছে আইনি জটিলতা। আদর্শ আচরণবিধি কার্যকর হলে নতুন প্রকল্পের আর্থিক সুবিধা প্রদান করা সম্ভব নয় বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকদের একাংশ।

ফলস্বরূপ, প্রকল্পের টাকা পাওয়ার বিষয়টি নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত পিছিয়ে যেতে পারে। তবে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় যুবসমাজের মধ্যে এই প্রকল্পের ব্যাপক জনপ্রিয়তা স্পষ্ট হয়েছে। ভোটের আগে রাজ্য সরকার এই বিপুল জনসমর্থনকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *