যুবসাথী প্রকল্পে আবেদনের জোয়ার, একদিনেই নথিভুক্ত ৮ লক্ষাধিক নাম
রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনকারীদের ভিড় উপচে পড়ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২৯,০০,৮৫৮টি আবেদন জমা পড়েছে। উল্লেখ্য, শুধুমাত্র ওই দিনেই নতুন করে নাম নথিভুক্ত করেছেন ৮,০০,৪৯৪ জন আবেদনকারী। স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হাজার হাজার যুবক-যুবতী এই সরকারি সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন।
আবেদনকারীর সংখ্যার নিরিখে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে ৩,২৩,২২৪টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ২৪ পরগনা (২,৮৬,৮২২) এবং উত্তর ২৪ পরগনা (১,৯৩,২৯৫)। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলি জেলা থেকেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে। উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতেও আবেদনের সংখ্যা লক্ষ ছুঁইছুঁই, তবে কালিম্পং ও কলকাতায় তুলনামূলক কম আবেদন জমা পড়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বেকার যুবক-যুবতীদের আর্থিক ও ডিজিটাল পরিষেবার আওতায় আনা। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণের ফলে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি এই সামাজিক সুরক্ষা প্রকল্প বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

