লেটেস্ট নিউজ

যুবসাথী প্রকল্পে আবেদনের হিড়িক: প্রথম দুই দিনেই নাম নথিভুক্ত করলেন সাড়ে ১৪ লক্ষের বেশি যুবক-যুবতী

দুয়ারে সরকার শিবিরের প্রথম দুই দিনেই রাজ্যজুড়ে যুবসাথী প্রকল্পে আবেদনের ব্যাপক সাড়া মিলেছে। সোমবার বিকেল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা ১৪ লক্ষ ৬৪ হাজার ৮১২ জনে পৌঁছেছে। এর মধ্যে এমএ, পিএইচডি এবং বিটেক ডিগ্রিধারীরাও রয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দিষ্ট শিবিরগুলিতে এবং সরকারি পোর্টালে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া চলবে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে প্রায় সাড়ে ৬ লক্ষ আবেদন জমা পড়লেও দ্বিতীয় দিনে সেই সংখ্যা একলাফে অনেকটাই বৃদ্ধি পায়। রাজ্যের ১৬০৪টি শিবিরে সরাসরি আবেদনের পাশাপাশি লক্ষাধিক প্রার্থী অনলাইনেও নাম নথিভুক্ত করেছেন। কর্মসংস্থানের আশায় এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়াকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

জেলাভিত্তিক তালিকায় আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, যার পরেই স্থান পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা। বাঁকুড়া, পুরুলিয়া এবং উত্তর ২৪ পরগনাতেও উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। তবে কালিম্পং, দার্জিলিং ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে আবেদনের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেকারত্বের হার কমাতে রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *