রকমারি রঙের ভিড়েও হোটেলের বিছানায় কেন শুধুই সাদা চাদর! – এবেলা

এবেলা ডেস্কঃ
বেড়াতে গিয়ে হোটেলে ওঠার পর অধিকাংশ পর্যটকেরই প্রথম নজর যায় বিছানার চাদর ও বালিশের দিকে। ঘর কতটা পরিচ্ছন্ন, তা যাচাই করতে অনেকে বাথরুমের পাশাপাশি বিছানার পরিপাটি ভাব খতিয়ে দেখেন। তবে একটি বিষয় লক্ষ্যণীয় যে, বাজারে হরেক রকমের সুন্দর ও রঙিন চাদর পাওয়া গেলেও প্রায় সব হোটেলেই বিছানার চাদর এবং বালিশের কভার হিসেবে ধবধবে সাদা রং বেছে নেওয়া হয়। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই সাদা চাদর ব্যবহারের পেছনে রয়েছে কিছু সুনির্দিষ্ট কারণ ও গভীর মনস্তত্ত্ব।
আস্থা ও পরিচ্ছন্নতার প্রতীক
বিশেষজ্ঞদের মতে, সাদা রং দ্রুত নোংরা হয় এবং এতে যেকোনো দাগ সহজেই দৃশ্যমান হয়ে ওঠে। রঙিন চাদরে ময়লা বা দাগ অনেক সময় আড়াল করা সম্ভব হলেও সাদা কাপড়ে তা কোনোভাবেই লুকানো যায় না। ফলে, একটি ঝকঝকে সাদা বিছানা দেখে অতিথিরা সহজেই বুঝতে পারেন যে হোটেলটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত। এটি হোটেল কর্তৃপক্ষের ওপর অতিথিদের মনস্তাত্ত্বিক আস্থা ও বিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া সাদা রং হলো স্বচ্ছতা ও শান্তির প্রতীক, যা ঘরের পরিবেশকে উজ্জ্বল করার পাশাপাশি ঘরকে তুলনামূলক বড় দেখাতে সাহায্য করে। হোটেলে প্রবেশের পর এই ধবধবে সাদা বিছানা অতিথিদের মনে এক ধরনের বিলাসবহুল ও আরামদায়ক অনুভূতি তৈরি করে।
সহজ রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি সাশ্রয়
হোটেল কর্তৃপক্ষকে প্রতিদিন বিপুল পরিমাণ বিছানার চাদর ও তোয়ালে ধুতে হয়। সাদা চাদরের ক্ষেত্রে সব কাপড় একসঙ্গে ধোয়া সম্ভব হয় বলে এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগার কোনো ঝুঁকি থাকে না। তাছাড়া, সাদা কাপড়ের কঠিন দাগ তুলতে এবং তা শতভাগ জীবাণুমুক্ত করতে শক্তিশালী ডিটারজেন্ট ও ব্লিচ ব্যবহার করা সহজ হয়, যা রঙিন কাপড়ের ক্ষেত্রে রঙ চটে যাওয়ার ভয়ে ব্যবহার করা যায় না। রঙিন চাদর বারবার ধোয়ার ফলে দ্রুত বিবর্ণ হয়ে পুরোনো দেখায়, যা হোটেলের মানকে ক্ষুণ্ন করে। কিন্তু সঠিক যত্নে সাদা চাদরের উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় থাকে এবং দীর্ঘমেয়াদে তা হোটেলের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে বড় ভূমিকা রাখে।
