রঞ্জিতে বাংলার দাপট: এক ইনিংস ও ৪৬ রানে কুপোকাত সার্ভিসেস – এবেলা
এবেলা ডেস্কঃ
রঞ্জি ট্রফিতে সার্ভিসেসকে এক ইনিংস ও ৪৬ রানে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল বাংলা। প্রথম ইনিংসে সুদীপ চ্যাটার্জির বিধ্বংসী দ্বিশতরান (২০৯) এবং অভিমন্যু ঈশ্বরণ ও শাকির গান্ধীর ব্যাটে ৫১৯ রানের পাহাড় গড়ে বঙ্গ ব্রিগেড। জবাবে প্রথম ইনিংসে ১৮৬ রানে অল-আউট হয়ে ফলো-অন করতে বাধ্য হয় সার্ভিসেস।
দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির ৫ উইকেটের দাপটে ২৮৭ রানেই গুটিয়ে যায় প্রতিপক্ষ। বোলিংয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল ও আকাশ দীপও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচের সেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান সুদীপ চ্যাটার্জি। এই জয়ের ফলে এলিট প্যানেলের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল বাংলার ক্রিকেটাররা।

