লেটেস্ট নিউজ

রণতরী ‘প্রচণ্ড’-এ প্রথমবার আকাশে উড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীর বিমান বাহিনী স্টেশন থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার (এলসিএইচ) ‘প্রচণ্ড’-এ চড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বদেশী যুদ্ধ হেলিকপ্টারে সহ-পাইলট হিসেবে আকাশপথে উড্ডয়ন করবেন। এই সফর শেষে তিনি পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিমান বাহিনীর বৃহত্তম লাইভ প্রদর্শনী “বায়ু শক্তি-২০২৬”-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি ৫৮০০ কেজি ওজনের ‘প্রচণ্ড’ উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে সক্ষম। ঘণ্টায় ২৬৮ কিলোমিটার গতিবেগ সম্পন্ন এই হেলিকপ্টারটি ২০ মিমি কামান ও অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সজ্জিত। ৬,৫০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম এই যুদ্ধযানটি শত্রুর রাডার ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে পারে। বর্তমানে এটি ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে সীমান্ত পাহারায় নিয়োজিত।

‘বায়ু শক্তি-২০২৬’ মহড়ায় রাফাল ও সুখোই-৩০ সহ প্রায় ১২০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নেবে। পোখরান রেঞ্জে আয়োজিত এই প্রদর্শনীতে ভারতীয় বিমান বাহিনীর নিখুঁত নিশানায় শত্রু ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা প্রদর্শিত হবে। দিন ও রাতে সমানভাবে কার্যকরী এই মহড়ায় দেশীয় মিসাইল ও গোলাবারুদের ব্যবহারের মাধ্যমে ভারতের আকাশসীমার নিরাপত্তা ও সক্ষমতার এক বিশাল নিদর্শন তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *