রণবীর সিংকে খুনের হুমকি: অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি মুম্বই পুলিশের – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড অভিনেতা রণবীর সিংকে খুনের হুমকি ও ১০ কোটি টাকা দাবি করার ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। বিশ্নোই গ্যাং ঘনিষ্ঠ হ্যারি বক্সার নামক এক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই ‘লুক আউট’ নোটিস জারি করা হয়েছে। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই একটি আমেরিকান ফোন নম্বর থেকে অভিনেতার আপ্তসহায়কের কাছে এই হুমকিভরা ভয়েস নোটটি আসে।
পুলিশি সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে ওই ভয়েস নোটটি পাঞ্জাব ও হরিয়ানার তদন্তকারী সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কোনও আনুষ্ঠানিক এফআইআর দায়ের করা হয়নি, তবে অপরাধীদের শনাক্ত করতে তৎপর প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিনেতার বাসভবন বর্তমানে কড়া পুলিশি পাহারায় রয়েছে।
আপতত রণবীর বা তাঁর পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের মাঝেই এই হুমকিবার্তা অভিনেতার অনুরাগী মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। আগামী ১৯ মার্চ এই ছবির সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে পুলিশি নজরদারিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

