রনজি ফাইনালে আকিবের দাপট: জাতীয় দলে ডাক পাওয়ার জোরালো দাবি – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রথমবার রনজি ট্রফি ফাইনাল খেলতে নেমে ইতিহাস গড়ার দোরগোড়ায় জম্মু-কাশ্মীর। ৫৮৪ রানের পাহাড়সম টার্গেট তাড়ায় নেমে কাশ্মীরি পেসার আকিব নবি দারের তোপে বিপর্যয়ের মুখে কর্ণাটক। ২৩ বলের ব্যবধানে কেএল রাহুল ও করুণ নায়ারের মতো তারকাদের প্যাভিলিয়নে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন আকিব। তার এই বিধ্বংসী বোলিংয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কাশ্মীর।
চলতি মৌসুমে আকিবের পারফরম্যান্স এক কথায় অবিশ্বাস্য। ১৭ ইনিংসে ৫৮ উইকেট নিয়ে তিনি আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ছয়বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বসহ অভিজ্ঞ ব্যাটারদের বিরুদ্ধে তার ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে নেটিজেনদের। ক্রিকেটপ্রেমীদের দাবি, ঘরোয়া ক্রিকেটে এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পর দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়া হোক ২৯ বছর বয়সি এই পেসারকে।
তবে আকিবের জাতীয় দলে অন্তর্ভুক্তিতে কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। ক্রিকেট মহলের একাংশের মতে, গম্ভীরের বিশেষ পছন্দ-অপছন্দের কারণেই অনেক যোগ্য খেলোয়াড় ব্রাত্য থাকছেন। মহম্মদ শামির মতো অভিজ্ঞ তারকার অনুপস্থিতিতে আকিব নবি আদৌ ভারতীয় ড্রেসিংরুমে জায়গা করে নিতে পারবেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর বিতর্ক।

