রমজান মাসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ উদ্ধৃত করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় রবীন্দ্রনাথ ও নজরুলের দর্শন স্মরণ করিয়ে সর্বজনীন ঐক্যের কথা বলেছেন।
বৃহস্পতিবার কলকাতা পুরসভা আয়োজিত ‘দাওয়াত-এ-ইফতার’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনা ও সৌভ্রাতৃত্বের বন্ধনে শামিল হন। অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে তিনি বাংলার দীর্ঘকালীন সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরেছেন।
মুখ্যমন্ত্রীর মতে, রমজান মাস মানবতা ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার সময়। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শনের পথ ধরে বাংলার অটুট একতা বজায় রাখাই মূল লক্ষ্য। এই সৌভ্রাতৃত্বের বার্তাই রাজ্যের প্রকৃত পরিচয়।

