“রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল”, সুইসাইড নোটে বিষাদ ও ক্ষোভ উগরে বিদায় আশিসের – এবেলা

“রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল”, সুইসাইড নোটে বিষাদ ও ক্ষোভ উগরে বিদায় আশিসের – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের রামপুরহাটের হাটতলাপাড়ার দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বন্ধ দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের লেটারহেডে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে লেখা রয়েছে যে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তবে বিভিন্ন অপপ্রচার ও ভাবমূর্তি নষ্টের চেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদে (TRDA) কোনো টেন্ডার, চেক পাওয়ার বা প্ল্যান পাসের সাথে তিনি যুক্ত ছিলেন না। অপপ্রচারের কারণে গভীর হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল” এবং পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন।

বীরভূমের পুলিশ সুপার ভিদিত রাজ বুন্দেশ জানান, আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ জমা পড়েনি এবং তাঁকে কোনো নোটিসও দেওয়া হয়নি। উদ্ধার হওয়া সুইসাইড নোটটি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এই ঘটনার পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে লেখেন, বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশের টানা অপপ্রচারের কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। কোনো অভিযোগ প্রমাণের আগেই মিডিয়া ট্রায়াল ও সম্মানহানির রাজনীতির বিরুদ্ধে সরব হন শাসকদলের নেতৃত্ব এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *