রাজনৈতিক মহলে দলবদলের উত্তাপ, প্রতীক উর রহমানের ইস্তফায় সরব ঊষসী চক্রবর্তী – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:58 pm
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে দলবদলের খেলা শুরু হতেই উত্তাল আলিমুদ্দিন। সিপিএমের উদীয়মান যুবনেতা প্রতীক উর রহমান দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দলের প্রবীণ নেতৃত্ব ও রাজ্য সম্পাদকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে প্রতীকের এই সরে দাঁড়ানো বাম শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে প্রতীককে নাম না করে কড়া আক্রমণ করেছেন প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তথা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, যাকে একসময় ‘অ্যাসেট’ বা সম্পদ বলে মনে করা হতো, তাকে আজ ‘পচে যেতে’ দেখে তিনি মর্মাহত। ঊষসী স্পষ্ট ভাষায় জানান, যারা সত্যিকারের লড়াকু কর্মী, তারা বিনোদের মতো অনুকরণীয় ভঙ্গিতে বলবেন— ‘হাম গরিব হ্যায়, গাদ্দার নেহি’।
এদিকে প্রতীকের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি তাঁর সাম্প্রতিক প্রশংসা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজই তাঁর ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান হতে পারে। শূন্য পাওয়া দল থেকে অন্য দলগুলো কেন নেতা ধার করছে, সেই প্রশ্ন তুলেও রাজনৈতিক প্রতিপক্ষকে বিঁধেছেন ঊষসী।

