রাজ্য সরকারে ‘মহাগুরু’র নয়া ইনিংস! তথ্য-সংস্কৃতি দফতরের ক্যাবিনেট পদমর্যাদার পরামর্শদাতা মিঠুন চক্রবর্তী – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: প্রশাসনিক ক্ষেত্রে এক নতুন যাত্রাসূচনা করলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হলো তাঁকে। এই দায়িত্বের সঙ্গে ‘মহাগুরু’কে দেওয়া হয়েছে পূর্ণ ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা।
রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (IAS Cell) জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এবং রাজ্যপালের আদেশানুসারে অবিলম্বে এই নিয়োগ কার্যকর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদ বহাল থাকবে।
নয়া দায়িত্ব পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “বাংলার ঐতিহ্য পুনরুদ্ধার করাই আমার মূল লক্ষ্য। চেষ্টা করব একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলার।”
উল্লেখ্য, ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখা মিঠুনের জীবন সংগ্রাম রূপকথার মতো। ফুটপাতে কাটানো দিন থেকে শুরু করে তিনটি জাতীয় পুরস্কার, ‘পদ্মভূষণ’ এবং ২০২৪ সালে চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ অর্জন করেছেন তিনি।
রাজনীতির আঙিনাতেও তাঁর উপস্থিতি বেশ পুরনো। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ছিলেন তিনি। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের মঞ্চে বিজেপিতে যোগ দেন এবং গেরুয়া শিবিরের হয়ে সক্রিয় প্রচারে অংশ নেন। বিজেপি দলের গুরুত্বপূর্ণ মুখ হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগে তাঁকে এই বড় পদে নিয়ে আসা রাজনৈতিক অলিন্দে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
