রাজ্য সরকারের বেকার ভাতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেত্রী, আবেদন করলেন নিজের নামেই – এবেলা
এবেলা ডেস্কঃ
হুগলির আরামবাগের বিজেপি মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মহান্তের সাম্প্রতিক এক পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন প্রকল্প ‘যুব সাথী’-র সুবিধা পেতে গোঘাট ২ নং ব্লক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিয়েছেন তিনি। ৩৭ বছর বয়সি এই নেত্রী ব্যক্তিগত জীবনে একটি বেসরকারি সংস্থায় কর্মরত হলেও পরিবারের আর্থিক অনটনের কারণে এই সরকারি ভাতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
আবেদনের সত্যতা স্বীকার করে সুদেষ্ণা দেবী জানান, যদিও তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি, তবে বেকার যুবকদের সহায়তায় সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁর মতে, এটি একটি রাজ্য সরকারি প্রকল্প এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এতে অধিকার রয়েছে। এই জনহিতকর কাজের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানিয়েছেন এবং অন্যান্য বেকার যুবক-যুবতীদেরও এই প্রকল্পের আওতায় আসার পরামর্শ দিয়েছেন।
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় হিসেবে দেখছেন। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা যে সকল স্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছে, বিজেপি নেত্রীর এই আবেদনই তার প্রমাণ। অন্যদিকে, দলের একজন পদাধিকারী হয়েও সরকারি প্রকল্পের প্রশংসা ও সুবিধা গ্রহণ করায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন ওই নেত্রী।

