রাজ্যজুড়ে ফের পুলিশে বড় রদবদল, এক ডজন আইপিএস অফিসারকে সরাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষস্তরে ফের বড়সড় রদবদল ঘটানো হলো। বুধবার বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে মোট ১২ জন আইপিএস অফিসারকে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন একের পর এক এই পদক্ষেপ নিচ্ছে। এর আগে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদার আধিকারিকদেরও বদলি করা হয়েছিল।
নতুন রদবদলে কলকাতা পুলিশের ডিউটি কমিশনার (স্পেশাল ডিডি) বিদিত রাজ ভুন্দেশকে ইস্ট ডিভিশনের ডিসি পদে পাঠানো হয়েছে। ব্যারাকপুর এসএসএফ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট প্রভীন প্রকাশকে আনা হয়েছে কলকাতা পুলিশের দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনার পদে। এছাড়া সিআইডি-র জে মার্সিকে কলকাতা পুলিশের ফার্স্ট ব্যাটেলিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে বিধাননগর কমিশনারেটের ট্রাফিক ডিসি মাক্বনা মিত কুমার সঞ্জয় কুমারকে ওই একই দপ্তরের ডিভিশনাল ডিসি এবং অরিশ বিতালকে ট্রাফিক ডিসি পদে নিয়োগ করা হয়েছে।
হাওড়া ও চন্দননগর কমিশনারেটেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। হাওড়ার ডিসিডিডি কল্যাণ সিংহ রায়কে ব্যারাকপুর কমিশনারেটের ডিসিএসবি পদে এবং এসটিএফ-এর সুপার ইন্দ্রজিৎ সরকারকে চন্দননগরের ডিসি হেডকোয়ার্টার করা হয়েছে। উত্তরবঙ্গের উমেশ গণপতকে চন্দননগর এবং আসানসোলের রানা মুখার্জিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি পদে বদলি করা হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের সেকেন্ড ব্যাটেলিয়নের ডিসি হয়েছেন দেবাশীষ নন্দী এবং সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে চন্দন ঘোষকে।
উল্লেখ্য, এর আগে বারাসত, বীরভূম, কোচবিহার ও পূর্ব মেদিনীপুরসহ ১২টি জেলার পুলিশ সুপারদেরও বদলি করেছিল কমিশন। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা আনতেই দফায় দফায় এই রদবদল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। কমিশনারেট ও জেলা স্তরের এই ধারাবাহিক পরিবর্তন ভোটের আগে রাজ্য রাজনীতির আঙিনায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
