রাজ্যসভা ভোটের মুখে বড় ধাক্কা বিজেপি শিবিরে, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াঙের বিধায়ক
আগামী মাসে রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ধরল বিজেপিতে। বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে শাসকদলে যোগ দিলেন কার্শিয়াঙের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।
বিষ্ণুপ্রসাদ শর্মার এই দলবদলের ফলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৪-তে। রাজ্যসভা নির্বাচনে বিধায়কদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ঘটনা গেরুয়া শিবিরের চিন্তা বাড়াল। দীর্ঘ দু’বছর ধরে দলের বিরুদ্ধে সরব থাকা এই বিধায়ক বারবার অভিযোগ করেছিলেন যে, পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি তাঁকে ‘ধোঁকা’ দিয়েছে।
তৃণমূলের দাবি, পাহাড়ে বিজেপির জনভিত্তি আলগা হচ্ছে। অন্যদিকে, বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ জানান, বিষ্ণুপ্রসাদ অনেকদিন ধরেই দলবিচ্ছিন্ন ছিলেন এবং তাঁর বিদায়ে দলের কোনো রাজনৈতিক ক্ষতি হবে না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কার্শিয়াং আসন পুনর্দখলের হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি নেতৃত্ব। তবে নির্বাচনের আগে এই দলবদল পাহাড়ের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।

