রাজ্যসভায় ধুন্ধুমার! বাংলার স্কুল নিয়ে শমীকের প্রশ্নে কী জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী?
রাজ্যসভায় ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে উত্তাল হল সংসদ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধরি জানান, পশ্চিমবঙ্গে ৮২ হাজারের বেশি সরকারি স্কুলের মধ্যে মাত্র ৫৫টি এই প্রকল্পের আওতায় এসেছে। রাজ্যের অনীহার কারণে বিপুল সংখ্যক পড়ুয়া কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্ত্রী দাবি করলে তৃণমূল সাংসদদের প্রতিবাদে সভায় হইচই শুরু হয়।
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ব্যক্তিগত ও সামাজিক অংশীদারির মাধ্যমে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। জয়ন্ত চৌধরি তৃণমূল সাংসদদের পরামর্শ দেন যাতে তারা রাজ্য সরকারকে এই প্রকল্পে শামিল হতে অনুরোধ করেন। সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে পড়ুয়াদের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি। এই বাদানুবাদে সংসদ উত্তপ্ত হয়ে উঠলে চেয়ারম্যান হট্টগোল থামানোর নির্দেশ দেন।

