লেটেস্ট নিউজ

রাজ্যে কমিশনের ‘বদলি-বোমা’ ১১ জেলাশাসকসহ ১৩ আইএএস ও ৫ ডিআইজি অপসারিত – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপে রাজ্যে প্রশাসনিক রদবদল অব্যাহত। এবার ১১ জন জেলাশাসক (ডিএম) সহ মোট ১৩ জন আইএএস এবং ৫ জন ডিআইজি-কে তাঁদের পদ থেকে সরিয়ে দিল কমিশন। ভোট ঘোষণার পর থেকে এই নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের মোট ৪৩ জন আধিকারিককে বদলি করা হলো, যা প্রশাসনিক ইতিহাসে কার্যত বিরল ঘটনা।

বুধবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, জেলা নির্বাচনি আধিকারিক হিসেবে দায়িত্বরত ১৩ জন শীর্ষ আধিকারিককে অপসারিত করা হয়েছে। একইসঙ্গে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ করেছে কমিশন। অপসারিত এই আধিকারিকরা ভোট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনী কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

কলকাতার উত্তর ও দক্ষিণ নির্বাচনী জেলাতেও নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। উত্তর কলকাতার ডিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন স্মিতা পান্ডে এবং দক্ষিণ কলকাতায় আনা হয়েছে রণধীর কুমারকে। এছাড়া মুর্শিদাবাদেও নতুন ডিইও হিসেবে আর অর্জুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *