রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব: কলকাতা ও জেলাগুলিতে কমলা সতর্কতা জারি – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণবঙ্গে প্রবল কালবৈশাখীর জেরে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাতের ঝড়ে কলকাতা বিমানবন্দর এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টার নামতে দেরি হয় এবং শহরের বিভিন্ন প্রান্তে গাছ উপড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও নদিয়ায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির দাপট কিছুটা কমবে। তবে মঙ্গলবার থেকে রাজ্যে পুনরায় দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমলেও পরবর্তী সময়ে তা ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

