রাজ্যে কি অঘোষিত রাষ্ট্রপতি শাসন? ইশতেহার প্রকাশেই মোদী-শাহকে চরম হুঁশিয়ারি মমতার – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার অস্মিতা রক্ষায় জানকবুল লড়াই, ভোটের মুখে নির্বাচন কমিশনকে বিঁধে বিস্ফোরক তৃণমূলনেত্রী। রাজ্যের প্রশাসনিক অফিসারদের গণবদলিতে সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ দাবি, মুখে না বললেও কাজে আসলে অঘোষিতভাবে রাজ্যে জারি হয়ে গিয়েছে রাষ্ট্রপতির শাসন। কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ‘গোপন আঁতাঁত’ ফাঁস করে শুক্রবার কার্যত রণংদেহি মেজাজে ধরা দিলেন দিদি।
বিজেপি শাসিত কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়ে মমতা বলেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির তোতাপাখি। কেন বারবার বাংলার দক্ষ অফিসারদের সরানো হচ্ছে? ভিন রাজ্যের লোক কি বাংলার সংস্কৃতি বা অলিগলি চেনে?” এর নেপথ্যে দাঙ্গা বা বড়সড় চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি। শুধু তাই নয়, রেশন ব্যবস্থা ব্যাহত করার চেষ্টার পাশাপাশি উত্তরবঙ্গ নিয়ে কেন্দ্রের ‘বিভাজন রাজনীতি’র বিরুদ্ধেও সুর চড়ান তিনি। দেশবাসীকে ‘সর্বহারা’ করার যে পরিকল্পনা মোদী-শাহ জুটি নিয়েছেন, তার বিরুদ্ধে জোড়াফুলে ভোট দিয়ে বিজেপিকে যোগ্য শিক্ষা দেওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

