রাজ্যে নিপা ভাইরাসের থাবা! বারাসতে তরুণী নার্সের মৃত্যুতে তীব্র আতঙ্ক
রাজ্যে প্রথম নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক তরুণী নার্স। মৃত সৌমি রায় চৌধুরী (২৫) পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ছিলেন। গত জানুয়ারি মাসে অসুস্থ হওয়ার পর পরীক্ষায় তাঁর শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ সময় কোমায় থাকায় ও ফুসফুসে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছিল।
এই ঘটনায় বারাসত ও পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। যদিও ওই হাসপাতালে চিকিৎসাধীন অন্য এক আক্রান্ত পুরুষ কর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ পিপিই কিট ও বিশেষ সতর্কতা মেনে চিকিৎসার দাবি জানালেও নিপা ভাইরাসে মৃত্যুর খবর স্বাস্থ্য মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্বাস্থ্য দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। বর্তমানে মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও বিশেষ প্রোটোকল অনুসরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

