রাজ্যে সিএএ কার্যকর করতে কেন্দ্রের বড় পদক্ষেপ, গঠিত হলো ‘এমপাওয়ার্ড কমিটি’ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:58 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে একটি ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিই মূলত আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান বা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রশাসনিক কাঠামো তৈরি হওয়ায় রাজ্যে নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুততর হবে বলে মনে করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব নীতিশ কুমার ব্যাসের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এই কমিটির নেতৃত্বে থাকবেন ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশনসের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটিতে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এবং ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা সদস্য হিসেবে থাকছেন। এ ছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে রাজ্য সরকারের প্রতিনিধি এবং রেলওয়ের আধিকারিকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণ এবং বিধানসভা ভোটের আগে শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করতেই কেন্দ্রের এই তৎপরতা। বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখসহ ছয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আইনি সুরক্ষা দেওয়াই এর মূল লক্ষ্য। তবে শাসকদল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসায়, কমিটির এই সক্রিয়তা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

