রাজ্যের ২৯৪ আসনে রিটার্নিং অফিসার নিয়োগ করে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেল। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য পূর্ণাঙ্গ রিটার্নিং অফিসার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে পাঠিয়েছেন।
এবারের নির্বাচনে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক রাজ্য সফরের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে পশ্চিমবঙ্গ নির্বাচনে ডিএমডিসি পদমর্যাদার আধিকারিকদের রিটার্নিং অফিসার হিসেবে দেখা গেলেও, এবার সেই ধারা থেকে সরে এসেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশ অনুযায়ী, ন্যূনতম মহকুমাশাসক বা সমমানের উচ্চপদস্থ আধিকারিকদেরই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৫২টি কেন্দ্রে মহকুমাশাসক বা সমমর্যাদার অফিসারদের বসানো হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক এবং জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অভিজ্ঞ অফিসাররা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন। এর ফলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এখন থেকে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাই ভোট পরিচালনার মূল দায়িত্বে থাকছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলার মাঝেই কমিশনের এই তৎপরতা রাজ্যে নির্বাচনী প্রস্তুতিকে কয়েক ধাপ এগিয়ে দিল।

