রাতে মেখে ঘুমোন এই প্রাকৃতিক ফেসপ্যাক আর সকালে পান ঝকঝকে উজ্জ্বল ত্বক – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রীষ্মের প্রখর রোদ, ধুলোবালি আর দূষণে ত্বক নিস্তেজ হয়ে পড়া এখন সাধারণ সমস্যা। দিনের বেলা ত্বকের যত্ন নিলেও রাতের অবহেলায় ত্বকের বারোটা বেজে যায়। অথচ রাতে সঠিক পরিচর্যাই পারে আপনার ত্বককে ভেতর থেকে সারিয়ে তুলতে। জেনে নিন তিনটি জাদুকরী ঘরোয়া উপায় যা আপনার ত্বকের কালচে ভাব দূর করে ফেরাবে প্রাকৃতিক জেল্লা।
অ্যালোভেরা জেল মাস্ক
যেকোনো ত্বকের জন্য অ্যালোভেরা অতুলনীয়। রাতে ঘুমানোর আগে মুখে অ্যালোভেরা জেল দিয়ে হালকা মাসাজ করুন। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ কমায় এবং ত্বককে হাইড্রেটেড রাখে। চাইলে সারা রাত এটি মুখে লাগিয়ে রাখতে পারেন।
চাল ও মধুর মিশ্রণ
ভেজানো চাল বেটে তাতে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চাল ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আর মধু জোগায় প্রয়োজনীয় আর্দ্রতা। ধোয়ার পর পছন্দের ময়েশ্চারাইজার মেখে নিন।
কাঁচা দুধের জাদু
কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের ট্যান দূর করতে দারুণ কার্যকর। তুলোয় কাঁচা দুধ ভিজিয়ে মুখে আলতো করে লাগান। শুকিয়ে গেলে আরেকবার প্রলেপ দিন। এটি সারা রাত লাগিয়ে রাখলে ত্বকের কালচে ভাব দূর হয়ে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
মনে রাখবেন, যেকোনো ঘরোয়া উপায় ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি।

