রানিগঞ্জে ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবাসন ও আর্থিক সাহায্যের আশ্বাস – এবেলা
এবেলা ডেস্কঃ
রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক নির্বাচনী প্রচার সভায় তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে ইচ্ছুক পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি দুটি করে ফ্ল্যাট দেওয়া হবে। স্থানান্তরের যাবতীয় খরচও রাজ্য সরকার বহন করবে বলে তিনি স্পষ্ট করেছেন।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ২০০০টি ফ্ল্যাট প্রস্তুত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও ৪০০০ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্ত কারও ওপর চাপিয়ে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবনের মূল্য সর্বাধিক, তাই বড় ধরনের বিপর্যয় এড়াতে তিনি বাসিন্দাদের নতুন করে ভাবার আবেদন জানাচ্ছেন। হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ুক, তা সরকার চায় না।
পুনর্বাসন ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্রের শাসক দলকে তীব্র কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, বহু বুথ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। একইসঙ্গে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, সব উৎসব ও সম্প্রদায়কে নিয়েই আমাদের সমাজ। ঐক্যবদ্ধভাবে চললেই সমাজ এগোবে বলে তিনি মন্তব্য করেন।

