লেটেস্ট নিউজ

রানিনগর ও টালিগঞ্জে প্রার্থীহীন সিপিএম, সেলিম-সুজনের লড়াই ঘিরে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থিতালিকায় মুর্শিদাবাদের রানিনগর ও কলকাতার টালিগঞ্জ আসনে প্রার্থী ঘোষণা করেনি আলিমুদ্দিন। লোকসভা ভোটের নিরিখে বামেরা একমাত্র রানিনগর কেন্দ্রেই এগিয়ে ছিল। দলের একাংশের মতে, এই আসনে মহম্মদ সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী প্রয়োজন। তবে ‘সম্পাদকমণ্ডলীর সদস্যরা লড়বেন না’—এই সাংগঠনিক নীতির কারণে সেলিমের প্রার্থিপদ নিয়ে আইনি ও নীতিগত জটিলতা তৈরি হয়েছে।

তালিকায় এই দুই আসন ফাঁকা রাখা নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সুজন চক্রবর্তীকে টালিগঞ্জ আসনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সুজন রাজি হলে সেলিমের জন্য রানিনগরে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত হতে পারে। যদিও সুজন নিজে সংগঠনে সময় দিতে আগ্রহী বলে সূত্রের খবর। এই সমীকরণ মেলাতে আপাতত ‘অপেক্ষা’ করার ইঙ্গিত দিয়েছেন খোদ রাজ্য সম্পাদক।

অন্যদিকে, ১৯৪টি আসনের এই তালিকায় আরজি কর আন্দোলনের পরিচিত মুখ কলতান দাশগুপ্ত এবং অভিজ্ঞ নেতা মানস মুখোপাধ্যায় ও বিকাশ ভট্টাচার্যদের স্থান দেওয়া হয়েছে। তবে ফরওয়ার্ড ব্লক কয়েকটি আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিমান বসুকে চিঠি দেওয়ায় বাম জোটের অন্দরে অস্বস্তি দানা বেঁধেছে। সামগ্রিকভাবে, প্রবীণ-নবীন সমন্বয়ে ঘুঁটি সাজালেও রানিনগর ও টালিগঞ্জ ঘিরে ধোঁয়াশা কাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *