রান্নাঘরে জ্বলছে এলপিজি না কি পিএনজি? আপনার পকেটে কোন গ্যাসের টান বেশি জানলে চমকে যাবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের সাধারণ মানুষের রান্নাঘরে। ভারত তার প্রয়োজনীয় গ্যাসের সিংহভাগ বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এলপিজি, পিএনজি এবং সিএনজি-র জোগানে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের প্রতিদিনের ব্যবহৃত এই গ্যাসগুলোর পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।
সহজ কথায় বলতে গেলে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হলো সেই লাল সিলিন্ডার যা প্রোপেন ও বিউটেনের মিশ্রণে তৈরি। এটি তরল অবস্থায় সিলিন্ডারে থাকে এবং পরিবহনে সহজ হওয়ায় উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের প্রতিটি কোণায় পৌঁছে গেছে।
অন্যদিকে বড় শহরগুলোতে এখন জনপ্রিয় হচ্ছে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস। এটি সরাসরি পাইপের মাধ্যমে আপনার ওভেনে পৌঁছায়। সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার ভয় বা বুকিংয়ের ঝামেলা নেই এখানে; ঠিক জলের কানেকশনের মতো যতটুকু ব্যবহার করবেন ততটুকুই বিল দেবেন।
গাড়ির ক্ষেত্রে রাজত্ব করছে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটি পেট্রোলের তুলনায় সস্তা এবং পরিবেশবান্ধব। আর এই সবকিছুর মূলে রয়েছে এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যা মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে বিদেশ থেকে জাহাজে করে আনা হয়। পরে এটিকেই পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইন বা যানবাহনের জ্বালানি হিসেবে সরবরাহ করা হয়।

