রান্নাঘরে স্বস্তি! মাত্র ৩৫ টাকায় ১ কেজি পেঁয়াজ দিচ্ছে মোদী সরকার? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে খুচরো বাজারে পেঁয়াজের ঝাঁঝালো দামে যখন সাধারণ মানুষের চোখে জল আসার উপক্রম, ঠিক তখনই মূল্য নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। লাগামছাড়া দামের ধাক্কা সামলাতে এবার আসরে নেমেছে মোদী সরকার, যার ফলে মাত্র ৩৫ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ৫০ থেকে ৬০ টাকায় পৌঁছে যাওয়ায় হেঁসেলের বাজেট কার্যত ওলোটপালট হয়ে গিয়েছিল। উৎসবের মরশুমের আগে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রাশ টানতে নড়েচড়ে বসেছে প্রশাসন।
পরিস্থিতি সামাল দিতে সরকার দেশের বাফার স্টক বা সংরক্ষিত ভাণ্ডার থেকে পর্যায়ক্রমে পেঁয়াজ সরবরাহ করা শুরু করেছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও পরিবহন সুগম করতে রেল ও সড়কপথের সমন্বয়ে এক বিশেষ হাইব্রিড লজিস্টিকস মডেল হাতে নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে নাসিক থেকে কান্দা এক্সপ্রেস ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পাশাপাশি রাজধানী দিল্লি ছাড়াও কলকাতা, চেন্নাই, পাটনা ও লখনউয়ের মতো বড় শহরগুলিতে মোবাইল ভ্যান এবং কেন্দ্রীয় ভান্ডারের মাধ্যমে এই সুলভ মূল্যের পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে মনে করা হচ্ছে।
