রান্নাঘরেই লুকিয়ে আছে নীরব ঘাতক! আপনার কেনা দারচিনি কি আদৌ আসল? জানুন চেনার সহজ উপায় – এবেলা

এবেলা ডেস্কঃ
বাঙালির রান্নাঘরের অন্যতম অপরিহার্য মশলা দারচিনি। সুস্বাদু মাংসের ঝোল হোক কিংবা মিষ্টি পায়েস—দারচিনির জাদুকরী সুগন্ধ ছাড়া রান্নার স্বাদ যেন খোলেই না। কিন্তু যে মশলাটি টাকা দিয়ে কিনছেন, তা কি সত্যিই স্বাস্থ্যকর ‘সিলন দারচিনি’? নাকি আসল ভেবে পরিবারের অজান্তেই ঘরে তুলছেন মারাত্মক ক্ষতিকর কোনো উপাদান?
বর্তমান বাজারে আসল দারচিনির ছদ্মবেশে দেদার বিক্রি হচ্ছে ‘ক্যাসিয়া’ (Cassia) নামক এক ধরনের গাছের ছাল, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
কেন বিপজ্জনক এই ‘ক্যাসিয়া’? গবেষণায় দেখা গেছে, এই নকল দারচিনি বা ক্যাসিয়াতে ‘কুমারিন’ (Coumarin) নামের একটি রাসায়নিক উপাদান অতিরিক্ত মাত্রায় থাকে। নিয়মিত রান্নায় বা চায়ের সঙ্গে এই ক্যাসিয়া খেলে ধীরে ধীরে লিভারের অপূরণীয় ক্ষতি হতে পারে। অন্যদিকে, আসল বা ‘সিলন দারচিনি’তে কুমারিনের পরিমাণ একেবারেই নগণ্য, যা শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ।
আসল ও নকল চিনবেন কীভাবে? সহজ কিছু পরীক্ষা করেই আপনি খাঁটি দারচিনি চিনে নিতে পারেন:
- স্তর ও পুরুত্ব: আসল দারচিনির ছাল বেশ পাতলা হয় এবং বেশ কয়েকটি সূক্ষ্ম স্তর গোল করে পেঁচানো থাকে (ঠিক চুরুটের মতো)। অন্যদিকে, ক্যাসিয়ার ছাল তুলনামূলকভাবে বেশ মোটা, শক্ত ও খসখসে হয়।
- ভাঙার পরীক্ষা: আসল দারচিনি হাত দিয়েই খুব সহজে ভেঙে ফেলা যায় এবং এটি ওজনে হালকা হয়। কিন্তু ক্যাসিয়া ভাঙতে বেশ বলপ্রয়োগ করতে হয় এবং এটি শক্ত ও ভারী।
- স্বাদ ও গন্ধ: আসল দারচিনির সুগন্ধ মিষ্টি ও মনোরম। কিন্তু ক্যাসিয়ার গন্ধ বেশ ঝাঁঝালো, তীব্র ও কড়া।
সতর্কতা ও জরুরি টিপস:
- গুঁড়ো মশলা এড়িয়ে চলুন: বাজার থেকে আগে থেকে প্যাকেট করা গুঁড়ো দারচিনি না কেনাই বুদ্ধিমানের কাজ। গুঁড়ো মশলায় ভেজাল থাকলে তা খালি চোখে চেনা আসাম্ভব। তাই সবসময় গোটা মশলা কিনে বাড়িতেই গুঁড়ো করে নিন।
- সঠিক সংরক্ষণ: মশলার গুণমান ও সুগন্ধ বজায় রাখতে সবসময় পরিষ্কার এয়ারটাইট কৌটোয় রাখুন। কৌটোটি আর্দ্রতা, বেসিনের জল বা গ্যাসের আগুন থেকে দূরে শুষ্ক জায়গায় রাখুন এবং ব্যবহারের পর মুখ ভালো করে আটকে দিন।
আপনার রান্নাঘরের স্বাদ ও স্বাস্থ্য রক্ষা করতে আজই সচেতন হন। সস্তায় ভেজাল কিনে বড় বিপদ ডেকে না এনে, যাচাই করে আসল দারচিনি কেনাই হবে সচেতনতার কাজ।
