রান্নার গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম: গ্রামাঞ্চলে পরবর্তী সিলিন্ডারের জন্য অপেক্ষা ৪৫ দিন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে রান্নার গ্যাসের বুকিং ও সরবরাহ নিয়ে লোকসভায় নতুন ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। কালোবাজারি রুখতে এবং বণ্টন ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুই সিলিন্ডার বুকিংয়ের মধ্যবর্তী সময়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রামাঞ্চল ও দুর্গম এলাকার গ্রাহকদের একটি সিলিন্ডার নেওয়ার অন্তত ৪৫ দিন পর পরবর্তী বুকিং করতে হবে। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান আগের মতোই ২৫ দিন থাকছে।
মন্ত্রী স্পষ্ট করেছেন যে দেশে এলপিজি বা জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং ভীতি ছড়ানোর প্রয়োজন নেই। বর্তমানে ভারত প্রায় ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে আমদানিতে কিছুটা প্রভাব পড়লেও বিকল্প পথে সরবরাহ সচল রাখা হয়েছে। এছাড়া গত ৮ মার্চের পর থেকে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও সংসদে জানানো হয়েছে।
সরকারের দাবি, বুকিং করার আড়াই দিনের মধ্যেই গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছে যাচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে চলতি মাসেই কলকাতায় সিলিন্ডার প্রতি দাম ৬০ টাকা বেড়ে ৯৩৯ টাকায় দাঁড়িয়েছে। বাণিজ্যিক গ্যাসের অপব্যবহার রোধে সরবরাহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাধারণ গ্রাহকদের অযথা বাড়তি সিলিন্ডার মজুত না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র, অন্যথায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

