রাম কি সবার? রামনবমীতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: ভোটের উত্তাপের মাঝেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই বিশেষ দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এক গুরুত্বপূর্ণ আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাম নবমীর পবিত্র দিনে সকলকে শুভেচ্ছা। আমার আবেদন, এই দিনটি সকলে শান্তিপূর্ণভাবে পালন করুন।”
বুধবারই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে রামচন্দ্র কারও একার নয়, তিনি সবার। তাঁর মতে, ‘রামরাজ্য’ মানেই শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তাই শান্তি ও উন্নয়নের মূল্যবোধ বজায় রাখাই প্রকৃত উৎসবের সার্থকতা।
অন্যদিকে, রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও সাজ সাজ রব। হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীপুর, নিউটাউন ও হাওড়ায় মিছিল বের করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভবানীপুরের মিছিলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে উৎসব ঘিরে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন। নিউটাউনে মিছিলে অস্ত্র প্রদর্শনের অভিযোগে উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপ্রীতিকর ঘটনা রুখতে রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধাসেনা।

