রাম মন্দিরে অনুদান চুরির মেগা কেলেঙ্কারি! নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার জল গড়াল সুপ্রিম কোর্টে – এবেলা

এবেলা ডেস্কঃ
অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার অনুদান চুরির ঘটনায় দেশজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। তবে নিরপেক্ষতার স্বার্থে সিবিআই তদন্ত, সিএজি ও ফরেন্সিক অডিটের দাবিতে সুপ্রিম কোর্টে তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে। আগামী ১৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই হাইভোল্টেজ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে।
এই মেগা দুর্নীতিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও রীতিমতো তরজা শুরু হয়েছে। আসন্ন বাদল অধিবেশনে বিরোধীদের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে এই ইস্যু। বিরোধীদের ক্রমাগত আক্রমণের জবাবে পালটা তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরএসএস। তাদের দাবি, দেশবিরোধী শক্তিগুলি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাকে হাতিয়ার করে হিন্দু সমাজ ও ধর্মকে কালিমালিপ্ত করার নিরন্তর চেষ্টা চালাচ্ছে।
