রামনবমীর অশান্তি: এনআইএ-র জালে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপার স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ
রিষড়া: রামনবমীর অশান্তির ঘটনায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-এর বড় পদক্ষেপ। মঙ্গলবার সকালে রিষড়ায় তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়ে তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা।
ভোররাতেই ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী
মঙ্গলবার সকালে রিষড়ার ওই বাড়িটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে এনআইএ। এরপরই শুরু হয় দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ঘণ্টাখানেকের অভিযানের পর শাকির আলিকে গ্রেপ্তার করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রচুর স্থানীয় মানুষ বাড়ির সামনে ভিড় জমালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে রাখে, কাউকে বাড়ির আশেপাশে ঘেঁষতে দেওয়া হয়নি।
কেন এই গ্রেপ্তার?
২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রিষড়া। সেই সময় এলাকায় ব্যাপক ইটবৃষ্টি, বোমাবাজি ও অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ ওঠে। পরে হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। সেই মামলাতেই সূত্র ধরে দীর্ঘ সময় ধরে নজর রাখার পর আজ শাকির আলিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, অপরূপা পোদ্দার ২০১৪ এবং ২০১৯ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালে তিনি টিকিট পাননি। তাঁর স্বামী শাকির রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গ্রেপ্তারির পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়েছে।
