রামনবমীর মিছিলে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে দীর্ঘ টালবাহানার অবসান ঘটল। পুলিশি অনুমতি না মেলায় আয়োজকরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আর সেখানেই মিলল স্বস্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের একক বেঞ্চ আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার হাওড়ায় অঞ্জনি পুত্র সেনার পক্ষ থেকে আয়োজিত রামনবমীর মিছিলে শর্তসাপেক্ষ অনুমতি প্রদান করেছেন। তবে উৎসবের আবহে যাতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত না হয়, তার জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে উচ্চ আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী এই শোভাযাত্রা আগামী ২৬ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টার মধ্যে সম্পন্ন করতে হবে। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা কোনোভাবেই ৫০০ জন অতিক্রম করা যাবে না। কঠোরভাবে জানানো হয়েছে যে মিছিলে কোনো প্রকার ধাতব অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহন করা নিষিদ্ধ। তবে ধর্মীয় আচারের অঙ্গ হিসেবে কেবল প্রতীকী পিভিসি নির্মিত সামগ্রী ব্যবহার করা যেতে পারে। আদালতের স্পষ্ট নির্দেশ, শোভাযাত্রা চলাকালীন কোনো প্রকার প্ররোচনামূলক বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না এবং ব্যবহার করা যাবে না কোনো লাউডস্পিকার।
আইনজীবীরা জানান, পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় সোমবার সংগঠনের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছিল। এর আগে বিশ্ব হিন্দু পরিষদকেও একই ধরনের শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন বিচারপতি। রামনবমীর দিন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তা সুনিশ্চিত করার ভার দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর। এই রায়ের ফলে হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা করার পথ যেমন প্রশস্ত হলো, তেমনই আদালতের কড়া বিধিনিষেধ পালনের দায়ভার এখন আয়োজকদের কাঁধে।

