রায়গঞ্জে সম্মুখসমরে আন্দোলনের দুই মুখ: ভোটযুদ্ধে মুখোমুখি মাধবীলতা ও জীবানন্দ – এবেলা
এবেলা ডেস্কঃ
রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুই পরিচিত লড়াকু মুখ। আশা কর্মীদের আন্দোলনের নেত্রী তথা এসইউসিআই প্রার্থী মাধবীলতা পাল এবং টোটো চালকদের অধিকার রক্ষায় সক্রিয় বাম প্রার্থী জীবানন্দ সিংহ এখন নির্বাচনী ময়দানে যুযুধান। দীর্ঘদিনের মাঠের লড়াইকে হাতিয়ার করে তাঁরা দুজনেই সাধারণ মানুষের সমর্থন আদায়ে আত্মবিশ্বাসী।
মাধবীলতা পালের মূল অস্ত্র আশা কর্মীদের ভাতা বৃদ্ধি ও অধিকার আদায়ের সাফল্য। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি ও ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। পাশাপাশি রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং রাস্তাঘাট সংস্কারের মতো স্থানীয় সমস্যাগুলিকেও অগ্রাধিকার দিচ্ছেন তাঁর নির্বাচনী প্রচারে। আন্দোলনের অভিজ্ঞতাই তাঁকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে, জীবানন্দ সিংহের পরিচিতি গড়ে উঠেছে শহরের যানজট নিরসন ও টোটো চালকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কাছে বলিষ্ঠ দাবি পেশ করার মাধ্যমে। জয়ের বিষয়ে আশাবাদী জীবানন্দ জানান, নির্বাচিত হলে তিনি স্বাস্থ্য পরিষেবা, নারী সুরক্ষা এবং কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলিতে বিশেষ জোর দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দোলনের এই দুই প্রতিচ্ছবির লড়াই রায়গঞ্জের নির্বাচনী সমীকরণকে বেশ প্রভাবশালী করে তুলেছে।

