রাষ্ট্রপতির সাক্ষাৎ পেল না তৃণমূল, আবেদন খারিজ করল রাইসিনা হিল – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডেরেক ও’ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন সাংসদ ও মন্ত্রীর একটি দল রাষ্ট্রপতির সময় প্রার্থনা করেন। তবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে যে, সময়ের অভাবে আপাতত এই বৈঠক সম্ভব হচ্ছে না।
সম্প্রতি রাষ্ট্রপতির বাংলা সফরকালে নিরাপত্তা এবং প্রোটোকল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়েছিল। সফরের স্থান পরিবর্তন এবং বিমানবন্দরে অভ্যর্থনা না জানানো নিয়ে রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সরব হয়। এর প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী আদিবাসী কল্যাণে রাজ্যের ‘রিপোর্ট কার্ড’ রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য দলের সংসদীয় দলকে নির্দেশ দিয়েছিলেন।
রাষ্ট্রপতি ভবন থেকে আবেদনটি বিবেচনার পর খারিজ করে দেওয়া হলেও হাল ছাড়ছে না রাজ্যের শাসকদল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী সপ্তাহে সাক্ষাতের জন্য পুনরায় আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তফশিলি জাতি ও জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।

