রাষ্ট্রসঙ্ঘের মন্তব্যে তীব্র আপত্তি দিল্লির! সিজেপি বিক্ষোভকাণ্ডে কড়া জবাব ভারতের – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধরপাকড়ের ঘটনায় রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের এই উদ্বেগকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি। জেনেভায় অবস্থিত ভারতীয় স্থায়ী মিশনের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সংবিধানেই নাগরিকদের শান্তিপূর্ণ জমায়েতের অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। দেশের স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো এই অধিকার রক্ষায় সর্বদা তৎপর।
রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) গণহারে আটকের জেরে উদ্বেগ প্রকাশ করায় এই কড়া প্রতিক্রিয়া এসেছে। নয়াদিল্লির স্পষ্ট বার্তা, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভুল ও পক্ষপাতদুষ্ট। জনশৃঙ্খলা বজায় রাখতে আইন মেনেই পদক্ষেপ করা হয় এবং যে কোনো প্রতিকারের জন্য দেশের আদালত উন্মুক্ত। পাশাপাশি, বিশ্বের অন্যান্য প্রান্তের প্রকৃত সংকটের দিকে নজর দিয়ে রাষ্ট্রসঙ্ঘের সংস্থাকে আরও নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছে ভারত।
