রাস্তার গর্তে ধানের চারা! মালদায় গ্রামবাসীদের এ কেমন প্রতিবাদ? – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর গ্রামে বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া রাস্তায় জমে থাকা বৃষ্টির জলের গর্তে রীতিমতো ধানের চারা রোপণ করে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা।
কী অবস্থা রাস্তার? ইসলামপুর মহানন্দা বাঁধ রোড থেকে গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য। মেরামতির অভাবে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার বৃষ্টিতে সেই গর্তগুলোতে জল জমে বর্তমানে তা আক্ষরিক অর্থেই মরণফাঁদে পরিণত হয়েছে। ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের সঙ্গী।
নাজেহাল ১০টি গ্রামের মানুষ এই বেহাল রাস্তাটিই এলাকার যোগাযোগের মূল মাধ্যম। ইসলামপুর, চাঁদপুর, খোপাকাটি ও লক্ষণপুর-সহ প্রায় ১০টি গ্রামের সাধারণ মানুষ এবং স্কুল-মাদ্রাসার পড়ুয়ারা প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের।
উদাসীন প্রশাসন গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। দিনের পর দিন এই চরম উদাসীনতার প্রতিবাদেই শুক্রবার সকালে কাদা-জলে ভরা রাস্তায় ধানের চারা পুঁতে দ্রুত রাস্তা মেরামতির দাবি জানান ক্ষুব্ধ বাসিন্দারা। প্রশাসনের টনক নড়াতে তাঁদের এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যে নজর কেড়েছে সকলের।
