রুজিরা বন্দ্যোপাধ্যায়ের স্বস্তি: সংবাদমাধ্যমে মানহানিকর প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো প্রকার মানহানিকর বা ভিত্তিহীন সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান বা তল্লাশির সময় কোনো সংবাদমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবে না।
আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইডি তল্লাশি অভিযানের তথ্য আগেভাগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না এবং অভিযানের সময় সংবাদমাধ্যমকে সঙ্গে রাখা যাবে না। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অভিযুক্তের ছবি ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রুজিরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তদন্তের দোহাই দিয়ে তাঁর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন যে, আদালতের এই স্থগিতাদেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদসংস্থার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অধিকার থাকবে আবেদনকারীর। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে। কয়লা ও শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে অকারণে তাঁর নাম জড়ানোর প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা।

