রূপনারায়ণ নদে নতুন প্রজাতির মাছের সন্ধান, নাম রাখা হলো ‘বুটিস বর্গভীমি’ – এবেলা
এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদ থেকে নতুন প্রজাতির এক বিরল মাছ আবিষ্কার করেছেন তমলুকের তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের গবেষকরা। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জুটাক্সা’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমার নামানুসারে মাছটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘বুটিস বর্গভীমি’।
ডঃ তন্ময় ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে এবং ডঃ প্রীতিরঞ্জন পাহাড়ির নেতৃত্বে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রূপনারায়ণে এই ধারাবাহিক সমীক্ষা চালানো হয়। সংগৃহীত নমুনাগুলির আকার-গঠন বিশ্লেষণ এবং ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় যে, এটি ‘বুটিস’ গণের অন্তর্ভুক্ত সম্পূর্ণ একটি নতুন প্রজাতি।
রূপনারায়ণ নদে মাছের জীববৈচিত্র্য নিয়ে বিস্তৃত গবেষণার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণার জন্য সংগৃহীত নতুন প্রজাতির মাছটির হোলোটাইপ ও অন্যান্য নমুনা ইতিমধ্যেই কলকাতার জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সংগ্রহশালায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

