রেকর্ড ভাঙা ভিউয়ারশিপ: ভারত-পাক মহারণে আইসিসি’র বিপুল আয় – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202611:36 am
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে তৈরি হওয়া দীর্ঘ টালবাহানা ও বয়কট নাটকের অবসান শেষে আইসিসি’র পকেটে এল রেকর্ড পরিমাণ অর্থ। পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মাঠে গড়ায়। এই বিতর্কিত প্রেক্ষাপট ম্যাচটিকে ঘিরে এক নজিরবিহীন উন্মাদনা সৃষ্টি করে, যা সম্প্রচারকারী সংস্থা ও আইসিসি’র জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই হাই-ভোল্টেজ ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে রেকর্ড ১৬.৩ কোটি ভিউয়ারশিপ পেয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৫৬ শতাংশ বেশি। এমনকি বিগত বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দর্শকসংখ্যাকেও এটি ছাড়িয়ে গিয়েছে। মোবাইল এবং টেলিভিশন উভয় মাধ্যমেই রিচ বেড়েছে উল্লেখযোগ্য হারে। সব মিলিয়ে প্রায় ২০ বিলিয়ন মিনিট ওয়াচটাইম নজির গড়েছে, যা গত আসরের তুলনায় ১.২ গুণ বেশি।
সম্প্রচারকারী সংস্থা জিওস্টারের মতে, ম্যাচের আগে তৈরি হওয়া রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছিল। লাহোরে ম্যারাথন বৈঠকের পর পাকিস্তানের মাঠে নামার সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নেয়। এই বিপুল জনসমাগম ও ভিউয়ারশিপ প্রমাণ করেছে যে, বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথের ব্যবসায়িক ও আবেগীয় গুরুত্ব আজও অপরিসীম।

