রেজিনগর উপনির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক! খোদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হুমায়ুন কবীর?

আসন্ন রেজিনগর উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। আগামী ৬ নভেম্বর উপনির্বাচনের ঠিক আগে তিনি দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁর দলের কর্মী-সমর্থকদের উপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে এবং পুরনো মামলায় বিনা কারণে গ্রেপ্তার করা হচ্ছে। প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ভোট লুটের চেষ্টার প্রতিবাদেই এই পদক্ষেপ।
তবে কি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন? এই জল্পনা উড়িয়ে হুমায়ুন স্পষ্ট করেছেন যে, তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না, বরং নিজের সদ্যজাত দলকে স্বতন্ত্র রেখেই লড়াই চালাবেন। তিনি কৈলাস বিজয়বর্গীয় ও অরবিন্দ মেননের মতো কেন্দ্রীয় নেতাদের কাছে জানতে চাইবেন, বিপুল জনসমর্থন থাকার পরেও কেন একটি উপনির্বাচন জিততে এই পন্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে, বিরোধী জোটের রূপরেখা তৈরি করতে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গেও যোগাযোগের ইচ্ছা প্রকাশ করেছেন।
