লেটেস্ট নিউজ

রেলের চাকরি থেকে ইস্তফা ঘিরে আইনি জট, বিপাকে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপ্টাথলিট স্বপ্না বর্মনকে ঘিরে তৈরি হয়েছে প্রবল আইনি জটিলতা। অভিযোগ উঠেছে, রেলের চাকরি থেকে যথাযথভাবে ইস্তফা না দিয়েই গত ২৭ ফেব্রুয়ারি তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। এই ঘটনার জেরে তাঁর প্রার্থীপদ নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি রেল কর্তৃপক্ষ গত ৯ মার্চ থেকে তাঁর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে।

তদন্ত চলাকালীন গত ১৬ মার্চ স্বপ্না ইস্তফাপত্র জমা দিলেও তা গ্রহণ করেনি রেল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন। আদালতের শুনানিতে রেল জানায় যে, স্বপ্না যদি নিজের দোষ স্বীকার করেন এবং কোনো অবসরকালীন সুবিধা দাবি না করার শর্ত মেনে নেন, তবেই তাঁর ইস্তফা গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আদালতের নির্দেশ অনুযায়ী, স্বপ্না বর্মনকে ১৬ তারিখের আবেদনের পাশাপাশি নতুন করে একটি ইস্তফাপত্র জমা দিতে হবে। এছাড়া ছুটির সময়কালীন নেওয়া বেতন ফেরত দেওয়ার শর্তও রাখা হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই জটিলতা তৈরি করা হচ্ছে। স্বপ্না এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *