রেশনের চালে বড় বদল আসছে! ২০২৬-২৭ থেকে জারি হচ্ছে কঠোর নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ
রেশনের চালের গুণগত মানোন্নয়নে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ২০২৬-২৭ খরিফ মরশুম থেকেই রেশনে ভাঙা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর নির্দেশিকা জারি করেছে খাদ্যদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম পর্যায়ে সেদ্ধ চালে ভাঙা চালের অনুপাত ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি, আতপ চালের ক্ষেত্রে এই পরিমাণ ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশে নামিয়ে আনা হবে। ২০২৭-২৮ মরশুমের মধ্যে রেশনের চালে ভাঙা চালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার পরিকল্পনাও রয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের পাশাপাশি স্কুলগুলির মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সরবরাহেও চালের মান আরও উন্নত হবে।
খাদ্যের গুণমান বৃদ্ধির পাশাপাশি জ্বালানি উৎপাদনও এই পরিবর্তনের অন্যতম প্রধান উদ্দেশ্য। চাল থেকে ইথানল তৈরি করলে ভুট্টা বা আখের তুলনায় উৎপাদন খরচ লিটারপ্রতি পাঁচ থেকে সাত টাকা কম হয়। বিগত কয়েক বছরে চাল থেকে ইথানল উৎপাদনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই লক্ষ্য পূরণে আগামী খরিফ মরশুমে সরকারি সংস্থা এফসিআইয়ের মাধ্যমে ৭২ লক্ষ টন চাল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রযুক্তিগত পরিবর্তন বাস্তবায়নের জন্য রাজ্যের রাইস মিলগুলিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিবর্তনের নির্দেশ দিয়ে ইতিমধ্যে জেলাগুলিতে বার্তা পাঠিয়েছে খাদ্যদপ্তর।
