লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী পেতে নবান্নের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ‘স্বনির্ভর বাংলা’ ক্যাম্প আয়োজিত হতে চলেছে। দুয়ারে সরকারের আদলে এই শিবিরে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং ভূমিহীন কৃষকদের আবেদন গ্রহণ করা হবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিডিও বা পুরসভা অফিস সংলগ্ন এলাকায় এই পরিষেবা মিলবে।
আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেইলস, কাস্ট সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ছবিসহ নির্দিষ্ট নথিপত্র নিয়ে ক্যাম্পে উপস্থিত হতে হবে। নবান্নের নির্দেশ অনুযায়ী, প্রতিটি ক্যাম্পে চারটি গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থেকে সরাসরি ফর্ম যাচাই ও আপলোড করবেন। আগামী ১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট প্রকল্পগুলিতে বাড়তি সুবিধাসহ জলকর মকুবের ঘোষণাও কার্যকর করা হচ্ছে।
