লক্ষ্মীর ভাণ্ডার বিতর্কের মাঝেই নয়া কাণ্ড! পুরুষের অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
পুরুলিয়া: রাজ্য রাজনীতিতে এখন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢোকা নিয়ে বিতর্ক ও ধরপাকড় তুঙ্গে। আর এই চরম আবহেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পুরুলিয়া। এবার এক পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে গেল ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা! এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমাজেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
জানা গেছে, পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতো নামে এক ব্যক্তি নিজেই দাবি করেন যে, তাঁর অ্যাকাউন্টে আচমকাই ৩০০০ টাকা ক্রেডিট হয়েছে। তবে বেআইনিভাবে সেই টাকা নিজের কাছে রাখতে চাননি তিনি। সততার নজির গড়ে সোজা মহকুমা শাসকের (SDO) দফতরে হাজির হন স্বদেশপ্রিয়বাবু। প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন জানিয়ে সরকারের এই টাকা তিনি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
রাজ্যজুড়ে যখন ভুয়ো উপভোক্তা নিয়ে কড়াকড়ি চলছে, তখন এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। যদিও প্রশাসনিক কর্তাদের দাবি, কোনো জালিয়াতি নয়, বরং সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির (Technical Error) কারণেই ভুলবশত ওই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটি চলে গিয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
