লক্ষ্মীর ভাণ্ডারের চেয়েও বেশি দেওয়ার প্রতিশ্রুতি সেলিমের, দুর্নীতির টাকা বাঁচানোর ফর্মুলা
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে তীব্র কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার মহিলাদের যে ভাতা দিচ্ছে তা আসলে দুর্নীতির মাধ্যমে লুঠ হওয়া অর্থের সামান্য ‘জরিমানা’ মাত্র। সেলিমের দাবি, কেরলের ‘কুটুম্বশ্রী’ প্রকল্পের অনুকরণেই বাংলায় বিভিন্ন প্রকল্প চালানো হচ্ছে, যা আদতে মৌলিক কোনো চিন্তাভাবনা নয়।
বামেরা ক্ষমতায় এলে মহিলাদের বর্তমান ভাতার চেয়ে অনেক বেশি অর্থ দেওয়া সম্ভব বলে এদিন অঙ্ক কষে বোঝান সেলিম। তিনি স্পষ্ট জানান, কাটমানি এবং প্রশাসনিক দুর্নীতি বন্ধ করতে পারলেই সরকারি কোষাগারে বিপুল অর্থ সাশ্রয় হবে। তামিলনাড়ু বা কেরলের দৃষ্টান্ত টেনে তিনি বলেন, স্বচ্ছতা বজায় রাখলে বাংলার মহিলাদের ভাতার অঙ্ক বাড়ানো কোনো কঠিন কাজ নয়। একে নিছক খয়রাতি নয়, বরং মহিলাদের সাংবিধানিক অধিকার হিসেবেই দেখছে আলিমুদ্দিন।
নির্বাচনী রণকৌশল হিসেবে আগামী ১ মার্চ থেকেই বামেরা ময়দানে নামছে বলে ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় মহিলাদের রেকর্ড সংখক প্রতিনিধিত্ব রাখার পাশাপাশি স্কুলছুট কমাতে ছাত্রীদের নিখরচায় যাতায়াতের মতো জনকল্যাণমূলক পরিকল্পনার কথা জানিয়েছেন সেলিম। বিজেপি ও তৃণমূলকে একই বন্ধনীতে রেখে তিনি অভিযোগ করেন, উভয় দলই ভয়ের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই এখন বামেদের প্রধান লক্ষ্য।

