লখনউয়ে শাশুড়িকে শ্বাসরোধ করে খুন, পুলিশের জালে পুত্রবধূ ও তাঁর প্রেমিক – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের লখনউয়ের নিশাতগঞ্জ এলাকায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়িকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল পুত্রবধূ ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। মৃতার নাম নির্মলা দেবী। অভিযোগ, পুত্রবধূ রঞ্জনা এবং তাঁদের বাড়ির ভাড়াটে প্রেমিক রাজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর ফরেন্সিক দল ও স্নিফার ডগের সহায়তায় পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, রঞ্জনা ও রাজনের অবৈধ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নির্মলা দেবী। এই নিয়ে পরিবারে দীর্ঘদিনের বিবাদ ছিল। ঘটনার দিন অভিযুক্তরা বৃদ্ধাকে শাড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর গয়না লুট করে লুকিয়ে রাখে। এমনকি ঘটনার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত চলাকালীন স্নিফার ডগ সরাসরি অভিযুক্ত রাজনের দিকে এগিয়ে গেলে পুলিশের সন্দেহ দৃঢ় হয়। কড়া জেরার মুখে রাজন নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ অভিযুক্ত রঞ্জনা ও রাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে।

